বাস্তবে এলো স্যামসাংয়ের বেজেলবিহীন ৮কে টেলিভিশন

৫ জানুয়ারি, ২০২০ ২৩:১২  
সিইএস ২০২০ এর শুরুতেই স্যামসাং তাদের প্রিমিয়াম ৮কে টেলিভিশনের ঘোষণা দিয়েছে, যার ফলে সম্প্রতি ফাঁস হওয়া ছবির সত্যতা দেখা মিললো। কিউ৯৫০টিএম মডেলের এই টেলিভিশনটি শুধুমাত্র সুপার-হাই রেজ্যুলেশন টিভি নয়, এটি এর ইনফিনিটি ডিজাইনের মাধ্যমে টেলিভিশনের নতুন মাপকাঠি নির্ধারণ করলো। খবর এনগ্যাজেট। টেলিভিশনটির নিচের দিকে কিছুটা এজ থাকলেও বাস্তবে এতে ফ্রেম বা কাঠামো আছে বলে না বললেও চলে। স্যামসাং জানিয়েছে এটি মাত্র ১৫ মিলিমিটার পুরু। টেলিভিশনটির ভিতরে এআই কোয়ান্টাম প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮কে টেলিভিশনটি যেকোনো সোর্স থেকে কনটেন্ট দেখানোর পাশাপাশি অ্যান্টেনার মাধ্যমে টেলিভিশন দেখা কিংবা স্ট্রিমিং সেবা ব্যবহারেরও সুযোগ দেবে। থাকছে বেশ কিছু সহায়ক অ্যাপসও। টেলিভিশনটি ব্লুটুথ, ওয়াইফাই কিংবা পুরাতন নন-ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের মাধ্যমেও পরিচালনা করা যাবে। এতে মোবাইল থেকে সরাসরি কনটেন্ট মিররিং, পিকচার-ইন-পিকচারসহ মাল্টিটাস্টিং স্ক্রিণ থাকছে। এছাড়া থাকছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, বিক্সবি, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা সুবিধা। ডিবিটেক/বিএমটি